হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের পুঁতে রাখা নৌ-মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, ট্যাংকারটি তেহরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ছেড়ে বিকল্প পথে চলাচলের সময় একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
ইরানি গণমাধ্যমের দাবি, এর আগেও একাধিকবার সতর্ক করে বলা হয়েছিল যে, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট জাহাজকে এর পরিণতি ভোগ করতে হতে পারে।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক বা লক্ষ্যবস্তু করার পর এক বিবৃতিতে জানিয়েছিল, হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।
তবে বিস্ফোরণের শিকার ট্যাংকারটির পরিচয়, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা কোনো হতাহত হয়েছে কি না—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ওই অবরোধ কার্যকর করতে প্রণালির বিভিন্ন স্থানে জলমাইন স্থাপন করে আইআরজিসি।
তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপন করা মাইনগুলোর সুনির্দিষ্ট অবস্থান এখন পুরোপুরি শনাক্ত করতে পারছে না ইরান। কারণ, মাইন স্থাপনের পূর্ণাঙ্গ নথি সংরক্ষণ করা হয়নি এবং সমুদ্রস্রোতের কারণে অনেক মাইন স্থানচ্যুত বা ভেসে গেছে। ফলে সেগুলো অপসারণ করাও ইরানি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



