tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর পাঁচ শতাধিক কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার (৩০ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে ভিওএ-কে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে আসছে। এবার সংস্থাটির কার্যক্রম সীমিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হলো।

ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, “এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে।”

তবে কর্মচারীদের ইউনিয়ন এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে।

ইউএসএজিএম জানিয়েছে, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে অধিকাংশই ভিওএর। ছাঁটাই শেষে প্রতিষ্ঠানটিতে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিলকৃত নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুনে কারি লেক ৬৩৯ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন। তবে কাগজপত্রে ত্রুটি থাকায় নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। কিছু কর্মী এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের এক রায়ের পর গত শুক্রবার রাতে নতুন করে এই ঘোষণা আসে। ওই রায়ে বলা হয়েছিল, ভিওএর পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি। আদালত কারি লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ারও নির্দেশ দেন।

ভিওএর একদল কর্মী প্রতিষ্ঠানটি বন্ধের প্রচেষ্টা ঠেকাতে মামলাটি করেছিলেন। এক বিবৃতিতে তারা বলেন, “আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। আদালতে তার জবানবন্দির মাধ্যমে প্রকাশ পাবে, তিনি কংগ্রেসনির্ধারিত নিয়ম মেনে সংস্থাটিকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি না। আমরা এখনো তার প্রমাণ পাইনি। তাই আইনের আওতায় আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।”

উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে ভিওএর অধিকাংশ সাংবাদিক প্রশাসনিক ছুটিতে আছেন। তবে ইসরাইল-ইরান যুদ্ধ শুরু হলে কিছু ফারসি ভাষার সাংবাদিককে কাজে ডাকা হয়। এছাড়া কিউবা সম্প্রচার বিভাগে (যা মায়ামি থেকে স্প্যানিশ ভাষায় সংবাদ প্রচার করে) কর্মরত সাংবাদিকরা এ ছাঁটাইয়ের আওতায় পড়বেন না।