চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। এ ঘটনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে গেলেও কেউ হতাহত হননি।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছানোর আগেই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত ভিড় এড়াতে আয়োজকদের পক্ষ থেকে মাইকে বারবার মঞ্চ খালি করার অনুরোধ জানানো হলেও তাতে তেমন সাড়া মেলেনি।
পরে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী সেখানে উঠলে মঞ্চের ওপর চাপ আরও বেড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান। তবে সৌভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হননি।
ঘটনার পর উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরে ভেঙে পড়া মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, মঞ্চে অতিরিক্ত মানুষ না ওঠার জন্য তিনি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণেই মঞ্চটি ভেঙে পড়ে। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও অর্থমন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।”



