গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকালে নুরের মাথার সিটি স্ক্যান করা হয় এবং পরে তাকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ (শনিবার) বোর্ডটি চিকিৎসা সংক্রান্ত আলোচনায় বসবে।
এই মেডিকেল বোর্ডে রয়েছেন হাসপাতালের পরিচালক, অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন চিকিৎসক, নাক-কান-গলা বিভাগের একজন, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের চিকিৎসকসহ মোট ছয়জন সদস্য।
পরিচালক আরও জানান, নুরের জ্ঞান ফিরেছে এবং তার মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলতে হলে অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
এদিকে শনিবার সকাল ৭টার দিকে নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, “আইসিইউতে চিকিৎসাধীন নুরের কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।”
অন্যদিকে, শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, মাথায় গুরুতর আঘাতের কারণে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দেন।



