কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।
স্থানীয় সূত্রের বরাতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলেকে বিভিন্নভাবে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় কুতুবদিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।



