দেশের রাজনীতি ও অর্থনীতি কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত থাকা চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দেশের উন্নয়নে জনগণ যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, তবে সেই উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলা যায় না।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আমির খসরু বলেন, “আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, কিন্তু বাংলাদেশের ছেলে-মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। দেশের সম্পদ সৃষ্টি হলে তা সবার জন্য উন্মুক্ত ও অংশীদারত্বভিত্তিক হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষের মাঝে একটি নতুন প্রত্যাশা ও মানসিক পরিবর্তন দেখা দিয়েছে। এই পরিবর্তন যে রাজনৈতিক দল উপলব্ধি করতে পারবে না, তাদের ভবিষ্যৎ নেই। মানুষের মধ্যে যে নতুন আশা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হলে রাজনীতি ও অর্থনীতিতে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
তিনি এ সময় বলেন, “শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না; অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অর্থনীতিতে যদি গণতন্ত্র না থাকে, তাহলে রাজনীতিও কার্যকর হবে না। দেশের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
দক্ষ জনশক্তির অভাব উল্লেখ করে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি প্রত্যেককে কোনো না কোনো দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা বৃদ্ধির অভাবে বাংলাদেশ সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছে না।”
তিনি বলেন, “আমরা শুধু বিএ, এমএ করছি; ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছি, কিন্তু বাস্তব দক্ষতা অর্জনে পিছিয়ে রয়েছি। আমাদের তরুণ জনগোষ্ঠী বিশাল, এই মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তা দেশের জন্য বড় সম্পদে রূপান্তরিত হতে পারে। এজন্য পড়ালেখার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।”



