বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গিয়েছি। হামলা-মামলা, নির্যাতন এমনকি বাড়িতে হামলার শিকার হয়েছি। কিন্তু কখনোই গ্রেফতারকে ভয় পাইনি, হাসিনার কাছে মাথানত করিনি।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, ২০২২ সালের ২৯ অক্টোবর সম্মেলন ছাড়াই পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।
এ্যানি বলেন, “১৭ বছর ধরে লাগাতার আন্দোলনের ফলে জেলা বিএনপিকে সংগঠিত করতে পারিনি। আমি দায়িত্ব নেওয়ার পর শুরু হয় এক দফার আন্দোলনের চূড়ান্ত পর্ব। চন্দ্রগঞ্জসহ পুরো জেলায় বহু নেতাকর্মী গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভা রক্তাক্ত হয়েছে। তা সত্ত্বেও আমরা কারও পাশে থেকে সরে যাইনি।”
তিনি আরও বলেন, “আমার ও সাবু মিয়ার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। তারপরও আমরা পালিয়ে যাইনি। বহু এসপি, ডিসি ও গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে আমরা লক্ষ্মীপুরে মাথা উঁচু করেই নেতৃত্ব দিয়ে এসেছি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন:
এবিএম আশরাফ উদ্দিন নিজান (সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বিএনপি)
হারুনুর রশিদ (সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি)
সাহাব উদ্দিন সাবু (সদস্য সচিব, জেলা বিএনপি)
হাসিবুর রহমান (যুগ্ম আহ্বায়ক)
ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি (সহ-সভাপতি, বাফুফে)
নিজাম উদ্দিন ভূঁইয়া (সদস্য, জেলা বিএনপি)



