দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে শাপলা তুলতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আকলিমা খাতুন (১৮), তার ননদ দুলালী খাতুন (২১) এবং সুরভি খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকলিমা খাতুন তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে শাপলা তুলতে গিয়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে নদীর ঘাট থেকে কিছু দূরে তিনজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।
খবর পেয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, নিহতদের কেউই সাঁতার জানতেন না বলে জানা গেছে। একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



