দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৯ শিশুর কারও ক্ষেত্রে পরীক্ষায় হাম শনাক্ত হয়নি; তারা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৬ শিশু।
এদিকে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৭৬ হাজার ৭৮৮ জন বাড়ি ফিরেছে।



