মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে শাহাদাৎ হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ একই এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে এলাকার একটি মসজিদে অবস্থানরত তাবলিগ জামাতের মুসল্লিদের একটি মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় কয়েকজন শাহাদাৎকে আটক করেন। পরে ভোররাতে তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



