tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক৪ দিন বিদ্যুৎহীন, অচল ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার

৪ দিন বিদ্যুৎহীন, অচল ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার

দক্ষিণ চীন সাগরে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার চার দিন অচল ছিল। এ সময় জাহাজটির শৌচাগার, রান্নাঘর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানীয় জল সরবরাহও বন্ধ হয়ে যায়।

মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, জাহাজটির একটি জেনারেটরে প্রকৌশলগত ত্রুটির কারণে এ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। গত ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত দায়িত্ব পালনের সময় আর্লেই বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ডে এ সমস্যা দেখা দেয়।

সপ্তম নৌবহরের মুখপাত্র নৌ কমান্ডার ম্যাথিউ কোমার জানান, প্রায় ১০ হাজার টন ওজনের ইউএসএস বেনফোল্ড বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর নিজে থেকে দিক পরিবর্তনের সক্ষমতাও হারিয়ে ফেলে। একই সঙ্গে জাহাজটির রান্নাঘর, শৌচাগার, শীতাতপ নিয়ন্ত্রণ ও পানীয় জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

তিনি বলেন, এ ঘটনায় কোনো নাবিক আহত হননি। পরিস্থিতি মোকাবিলায় জাহাজের নাবিকেরা দৃঢ়তা, সাহস ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ৮ আগস্ট মেরামতের কাজ শেষ হওয়ার পর ইউএসএস বেনফোল্ড আবার দায়িত্বে ফিরেছে।

বিশ্লেষক ও ডেমোক্রেটিক দলের কয়েকজন আইনপ্রণেতার মতে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিশ্বজুড়ে বিভিন্ন দায়িত্ব পালনের কারণে বর্তমানে মার্কিন নৌবাহিনীর ওপর ব্যাপক চাপ রয়েছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে নোঙর না করায় এর নাবিকদের মনোবল ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার খবরও প্রকাশিত হয়েছে। এ নিয়ে নৌবাহিনীকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।