tanaka
প্রচ্ছদসারাদেশকক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হোটেল দখল ও লুটপাটের অভিযোগ,...

কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হোটেল দখল ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ১

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‘নকশি রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেল জবরদখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিক ইশরাত জাহান চৌধুরী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। মামলার পর মাহফুজ শাকিল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট রাত ৩টার দিকে মিনারুল কবির আল-আমিন, মাহফুজ শাকিল, আশিক বাহিনীর প্রধান আশিকুর ইসলাম ও আরিফসহ অজ্ঞাতনামা ১০-১২ জন মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে নকশি রিসোর্টে প্রবেশ করেন।

অভিযোগ করা হয়েছে, এ সময় তারা হোটেলের সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়। পরে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৩২ ইঞ্চির আটটি স্যামসাং টেলিভিশন নিয়ে যাওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

এজাহারে আরও বলা হয়, হোটেলের কর্মচারী আব্দু শুকুর তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করে আহত করা হয়। পরে মালিককে ফোন করার চেষ্টা করলে তাঁর ব্যবহৃত স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাঁকে হোটেল থেকে বের করে দেওয়া হয়।

বাদীর অভিযোগ, অভিযুক্তরা কয়েকদিন ধরে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় ‘মিল্কি রিসোর্ট’ নামে একটি হোটেলে তাঁর মালিকানাধীন চারটি ফ্ল্যাট ও একটি দোকানও জবরদখল করা হয়েছে।

এ ছাড়া তাঁকে ব্যবসা করতে না দেওয়া, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার এবং শিশুসন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় এর আগে তিন-চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও এজাহারে উল্লেখ করেছেন বাদী।

পরে খবর পেয়ে নকশি রিসোর্টে গেলে বাদীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রাণভয়ে তিনি সেখান থেকে সরে গিয়ে থানায় মামলা করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মাহফুজ শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।