tanaka
প্রচ্ছদজাতীয়‘নারীদেরই আগে এগিয়ে আসতে হবে’, গোলাপি বাস নিয়ে আত্মবিশ্বাসী চালকরা

‘নারীদেরই আগে এগিয়ে আসতে হবে’, গোলাপি বাস নিয়ে আত্মবিশ্বাসী চালকরা

রাজধানীর ব্যস্ত সড়কে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই বাস সার্ভিসের বিশেষত্ব হলো বাসের চালক ও কন্ডাক্টর দুজনেই থাকবেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। রাজধানীসহ বগুড়া ও চট্টগ্রামেও আজ থেকে ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিআরটিসির প্রশিক্ষক ও চালক হিসেবে কাজ করা নারীরাই এবার গোলাপি রঙের বাস নিয়ে রাজধানীর সড়কে নামছেন। প্রায় দেড় মাসের বিশেষ প্রশিক্ষণ শেষে তারা বড় বাস চালানোর জন্য প্রস্তুত হয়েছেন। তাদের প্রত্যাশা, নারীদের জন্য আলাদা এ বাস সার্ভিস নিরাপদ যাতায়াতের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও আত্মবিশ্বাস আরও বাড়াবে।

‘নারী হয়ে আরেক নারীকে নিরাপদে পৌঁছে দেওয়ার আনন্দ আছে’

‘মহিলা বাস’ সার্ভিসের চালক খাদিজাতুল রিমা জানান, নারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা স্বেচ্ছায় এ দায়িত্ব নিয়েছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বেচ্ছায় এগিয়ে এসেছি। একজন নারী হিসেবে আরেকজন নারীকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং আবার ফিরিয়ে নিয়ে আসার একটা আনন্দ আমাদের মধ্যে কাজ করছে।’

খাদিজাতুল রিমা জানান, মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে বাস চালাবেন তিনি।

প্রশিক্ষক থেকে গোলাপি বাসের চালক

গোলাপি বাস চালানোর আগে নারী চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খাদিজাতুল রিমা জানান, তারা আগে থেকেই বিআরটিসির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।