tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালের বিশেষ সামরিক সম্মান পেলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের বিশেষ সামরিক সম্মান পেলেন ভারতীয় সেনাপ্রধান

তিন দিনের সরকারি সফরে নেপালে গিয়ে দেশটির সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদায় ভূষিত হয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।

সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানের হাতে এই সম্মাননা তুলে দেন। ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্য অনুযায়ী তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সফরের প্রথম দিনে কাঠমান্ডুতে নেপালি সেনা সদর দপ্তরে পৌঁছালে জেনারেল শেঠকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করাই এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য। সফরকালে নেপালি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন জেনারেল শেঠ। পাশাপাশি নেপালি সেনাবাহিনীর সামরিক অভিযান মহাপরিচালকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত ব্রিফিং নেওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) শিবাপুরির আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে বক্তব্য দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিন ১৯ আগস্ট পোখরায় প্রাক্তন সৈনিকদের এক সমাবেশে অংশ নেবেন ভারতীয় সেনাপ্রধান। সেখানে বীর নারী ও বিভিন্ন পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনাও দেওয়ার কথা রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, জেনারেল শেঠের এই সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের ঐতিহাসিক ‘রোটি-বেটি কা রিশতা’ এবং দুই দেশের গভীর সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।