আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সামগ্রিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ হয়ে লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী শুক্রবার (২৯ আগস্ট) থেকে চার দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে।
এ ছাড়া আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



