tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআলোচনা শেষে সুইজারল্যান্ড ত্যাগ করল ইরানি প্রতিনিধি দল

আলোচনা শেষে সুইজারল্যান্ড ত্যাগ করল ইরানি প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ড ত্যাগ করে তেহরানের পথে রওনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ ঘণ্টাব্যাপী টানা বৈঠক শেষে তারা দেশটির মাটি ছাড়ে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহামেদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলি বাগেরি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মূল প্রতিনিধি দল দেশে ফিরে গেলেও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল এখনো সুইজারল্যান্ডে অবস্থান করছে। এ দলের নেতৃত্বে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তারা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন।

দীর্ঘ আলোচনার পরও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চলমান থাকায় ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা উন্মুক্ত রয়েছে।