tanaka
প্রচ্ছদআদালতহত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনু ও মেননকে

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনু ও মেননকে

জুলাই আন্দোলনের সময় রাজধানীর বংশাল এলাকায় মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের একটি মিছিলে অংশ নেওয়ার সময় চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোড এলাকায় মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় মো. মোখলেছিন বাদী হয়ে গত বছরের ১ জানুয়ারি বংশাল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।