দীর্ঘদিনের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
মার্কিন ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির শর্তাবলীতে উভয় পক্ষই সম্মতি দিয়েছে। চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি ইরানও পরোক্ষভাবে এ প্রক্রিয়ায় সহযোগিতা করেছে বলে তিনি উল্লেখ করেন।
যুদ্ধবিরতির ঘোষণা আসার আগে শুক্রবার দিনের শুরুতে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। তবে পরবর্তীতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উভয় পক্ষ সংঘাত বন্ধে সম্মত হয়।
মার্কিন প্রশাসনের আশা, এই যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথও সুগম করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা ও রয়টার্স।



