পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার মধ্যেই বর্তমান অবস্থান বহাল রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচির বিদ্যমান নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে বিভিন্ন পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে—এমন খবর নাকচ করে দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ উল্লেখ করে বাঘাই বলেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। তবে বুশেহরসহ যেসব পরমাণু কেন্দ্রে নিয়মিত পরিদর্শন কার্যক্রম আগে থেকেই চালু রয়েছে, সেখানে আইএইএ-এর তদারকি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যুদ্ধের কারণে যেসব পরমাণু স্থাপনায় আইএইএ-এর প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, সেগুলোর বিষয়টি ভিন্ন। ওইসব স্থাপনায় পুনরায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে কি না, তা চলমান আলোচনা, পারস্পরিক সমঝোতা এবং সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অগ্রগতির ওপর নির্ভর করবে।
সূত্র: আল-জাজিরা



