tanaka
প্রচ্ছদজাতীয়বাজেটে খাতে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাজেটে খাতে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, একীভূত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭১৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয় বাবদ ২৫ হাজার ২৯৭ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় বাবদ ২১ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা রাখা হয়েছে।

বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, আগামী অর্থবছরে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৫) বিশেষ গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহারের অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষাক্রম পরিমার্জন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ এবং বিনামূল্যে বিতরণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে দেশব্যাপী ‘সরকারি স্কুল ফিডিং প্রোগ্রাম’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপবৃত্তি কার্যক্রমও অব্যাহত থাকবে।

প্রস্তাবিত বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চাহিদাভিত্তিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ঢাকা মহানগরী ও পূর্বাচলে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন এবং সৌন্দর্যবর্ধনে বিশেষ প্রকল্প গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।