নতুন ক্রেডিট কার্ড চালুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, এ ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের হাতে ন্যস্ত করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবের কথা জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নতুন ক্রেডিট কার্ড ইস্যুর জন্য আর বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতেই ক্রেডিট কার্ড চালু, বিভিন্ন প্যাকেজ নির্ধারণ এবং গ্রাহকদের জন্য সুবিধাসমূহ ঘোষণা করা যাবে।
বর্তমানে কোনো ব্যাংক নতুন ধরনের ক্রেডিট কার্ড বাজারে আনতে চাইলে তার শর্ত, সুবিধা ও বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে অনুমোদন নিতে হয়। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে এ প্রক্রিয়া আর বাধ্যতামূলক থাকবে না।
তবে ক্রেডিট কার্ড পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা, নির্দেশনা এবং নিয়ন্ত্রক কাঠামো যথারীতি অনুসরণ করতে হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।
এদিন অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। প্রস্তাবিত বাজেটে সরকারের মোট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।



