বিশ্বের অন্যতম আলোচিত পাসপোর্ট র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে বর্তমানে ৯৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। তবে সুখবর হলো, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এছাড়া রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, নিউই, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুও এই তালিকায় রয়েছে।
তবে সব দেশের ক্ষেত্রে সুবিধার ধরন এক নয়। কিছু দেশে বাংলাদেশিরা সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করতে পারেন, আবার কিছু দেশে পৌঁছানোর পর ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়া যায়। অন্য কয়েকটি দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে অনলাইনে ই-ভিসা সংগ্রহ করতে হয়।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ স্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচক মূলত নির্ধারণ করে একটি দেশের পাসপোর্টধারীরা বিশ্বের কতটি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা সহজ ভিসা সুবিধার মাধ্যমে প্রবেশ করতে পারেন। এর ভিত্তিতেই বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার র্যাংকিং প্রকাশ করা হয়।



