মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি শনিবার ইরানের রাজধানী তেহরান সফর করেছেন।
সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি গুরুত্বপূর্ণ বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনির কাছে পৌঁছে দেবেন।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে ইসলামাবাদ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনারও আয়োজন করেছিল।
মহসিন নকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশে একটি বিশেষ বার্তা ও চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েই তিনি তেহরান সফরে এসেছেন।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



