যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারে হয়রানি এবং জব্দ অভিযানের অভিযোগ এনে ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান।
শুক্রবার (৫ জুন) দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে মার্কিন নৌবাহিনী ধারাবাহিকভাবে হয়রানি ও জব্দ অভিযান চালাচ্ছে।
এর আগে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, ভারত মহাসাগরে পরিচালিত এক রাতভর অভিযানে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘এমটি ডাভিনা’ নামের একটি জাহাজ আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন বাহিনী জানায়, অবৈধ নেটওয়ার্ক দমন এবং ইরানকে সহায়তা দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে তাদের সামুদ্রিক অভিযান অব্যাহত থাকবে।
ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।



