tanaka
প্রচ্ছদসারাদেশজালিয়াতিতে এনআইডি নেওয়ায় দুই ভারতীয়সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

জালিয়াতিতে এনআইডি নেওয়ায় দুই ভারতীয়সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করায় দুই ভারতীয় নাগরিকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত সোমবার (২৫ আগস্ট) বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হক মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—

  • ভারতের জলপাইগুড়ির ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের মৃত জলধর রায়ের দুই ছেলে ভবেন্দ্র নাথ রায় প্রধান (৭৫) ও বজেন্দ্র নাথ রায় প্রধান (৭১)
  • দেবীগঞ্জের মোস্তফা কামাল (৪২)
  • মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম
  • ইউপি সদস্য মনছুর আলী
  • ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী নুর ইসলাম
  • গ্রাম পুলিশ দীনবন্ধু
  • বোদা উপজেলার জালাল হাজী (৫৫)
  • বারপাটিয়া এলাকার মজনু (৪০)

গণমাধ্যমে ভারতীয় নাগরিকদের এনআইডি তৈরির খবর প্রকাশের পর দেবীগঞ্জের বাসিন্দা নাজমুল ইসলাম বাপ্পি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে বিষয়টি তদন্তে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে স্পেশাল ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে বোদা থানায় মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, স্বাধীনতার আগে জলধর রায় ছিলেন গাজকাটি খারিজা ভাজনি গ্রামের ইউপি চেয়ারম্যান। তিনি খুন হলে তার ছেলে সন্তানেরা ভারতে চলে যান। তবে তার মেয়ে নমিতা রানী রায় স্থানীয়ভাবে বসবাস করতেন। তার ছেলে উত্তম কুমার রায় পৈতৃক সম্পত্তি বিক্রি করে চলে যান।

২০২২ সালে মোস্তফা কামাল সেই জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন। পরে জানতে পারেন, জমিটি জলধর রায়ের ছেলে ভবেন্দ্র ও বজেন্দ্র নাথের নামে। জমি বিক্রির জন্য এনআইডি প্রয়োজন হওয়ায় মোস্তফা তাদের এনআইডি তৈরির উদ্যোগ নেন। জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন বানিয়ে ইউপি কার্যালয়ের কর্মীদের সহায়তায় কাগজপত্র জমা দিয়ে এনআইডি তৈরি করানো হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে নোয়াখালীর মিরাজ মোহাম্মদ তারেকুল হাসান ও নাসির জড়িত থাকলেও তাদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। তারা জমির কাগজ তৈরি করে আদালতে মামলা চালাতেন এবং পুলিশ দিয়ে হয়রানি করতেন বলেও অভিযোগ উঠেছে।

বোদা থানার তদন্ত কর্মকর্তা ও মামলার বাদী মো. রেজওয়ানুল হক মন্ডল বলেন, “মামলার তদন্ত চলছে। আরও অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে, তদন্তে তা খতিয়ে দেখা হবে।”