tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘তরুণদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে ভূমিকা রাখতে হবে'

‘তরুণদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে ভূমিকা রাখতে হবে’

দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সিলেট নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের সনদ অর্জনের সুযোগ সৃষ্টি করলেও আদর্শ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে প্রত্যাশিত অবদান রাখতে পারছে না।

তিনি বলেন, শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। জ্ঞান, দক্ষতা ও উন্নত চরিত্রের সমন্বয়ে গড়ে ওঠা তরুণরাই ভবিষ্যতে একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

জামায়াত আমির আরও বলেন, জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমান শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মূল্যবোধনির্ভর কাঠামোয় পুনর্গঠন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আদর্শবান, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলার আমির হাবিবুর রহমান, জেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়েরসহ স্থানীয় নেতারা।