জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ড. খলিলুর রহমানের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
পোস্টে আরও বলা হয়, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন দেশের মধ্যে সংলাপ ও সমন্বয় বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।



