দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকায় তিন শিশু, সিলেটে দুই শিশু, ময়মনসিংহে দুই শিশু এবং চট্টগ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। এর মধ্যে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ জন।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৯৬ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।



