tanaka
প্রচ্ছদসারাদেশবগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ বন্ধু

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ বন্ধু

বগুড়ার কাহালু উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা প্রায় সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, হালকা বৃষ্টির মধ্যে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সালাম জানান, নিহতদের বহনকারী মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। বৃষ্টির মধ্যেও চালক এঁকেবেঁকে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।