ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের অবসান শিগগিরই হবে এবং নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
শনিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিতর্কের মুখে সিনেমাটির নির্ধারিত প্রদর্শনী স্থগিত করা হয়। জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে শনিবার বিকেল ৩টায় ছবিটি প্রদর্শনের কথা ছিল।
আয়োজকদের ভাষ্য, প্রদর্শনীর প্রচারণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। জেলার কওমি ছাত্র-ঐক্য পরিষদের একটি অংশ সিনেমাটি প্রদর্শনের বিরোধিতা করে ফেসবুকে প্রচারণা চালায়। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন প্রদর্শনী স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত প্রদর্শনী স্থগিত করা হয়েছে।
ঘটনাটিতে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সেন্সর সনদপ্রাপ্ত যেকোনো চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ রয়েছে। প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা পাওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, তাঁর চলচ্চিত্রের পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছে, যা বেআইনি।
তবে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং শিগগিরই ‘বনলতা এক্সপ্রেস’-এর নতুন প্রদর্শনীর তারিখ ঘোষণা করা হবে।



