রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে অন্তত ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান নিয়েছেন। বুধবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের কারণে একটি ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। ভোররাতের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো এ তথ্য নিশ্চিত করা হয়নি।
ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।”



