tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির

ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির

ইরাকের কুর্দিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহার আলীর ভায়রা মিলন সর্দার।

নিহতরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বজলুর রশীদ (৩৮) ও মো. মনোহার আলী (৩৬)। বজলুর রশীদ চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে। আর মনোহার আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে মনোহার প্রায় চার বছর আগে এবং বজলুর রশীদ দেড় বছর আগে ইরাকে যান। তবে তাদের কারও বৈধ কাগজপত্র বা আকামা ছিল না। সেখানে একটি কনফেকশনারি দোকানে কাজ করে পরিবারের জন্য অর্থ পাঠাতেন তারা।

প্রতিদিনের মতো সোমবার ভোরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

দুই প্রবাসীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত মনোহার আলীর স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। একইভাবে বজলুর রশীদেরও স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মনোহার আলীর স্ত্রী সোমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঋণ করে আমার স্বামী ইরাকে গিয়েছিল। এখনও সেই ঋণ শোধ হয়নি। এখন সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব? সরকারের কাছে অনুরোধ, যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।”

একই দাবি জানিয়েছেন বজলুর রশীদের পরিবারও। তার বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, “আমার ছোট ভাই দেড় বছর আগে ইরাকে গিয়েছিল। আমরা চাই দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।”

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। তিনি বলেন, “পরিবারকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যায়।”