মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই সুবিধা একক যাত্রা টিকিটে প্রযোজ্য হবে।
সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রোস্টেশনে শেখ রবিউল আলম-এর উপস্থিতিতে এ বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
ডিএমটিসিএল-এর MRT Line-6 প্রকল্পের সংশ্লিষ্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবাকে আরও সহজ ও জনকল্যাণমুখী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী বয়োজ্যেষ্ঠ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কাউন্টার থেকে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
একইভাবে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরাও নির্ধারিত টিকিটে এই ২৫ শতাংশ ছাড় সুবিধা নিতে পারবেন।



