বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।
দুপুর ২টা ২৫ মিনিটে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় এবং আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক খান মো. এরফান, তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড চাইলেও, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে। তার আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীর পাকা রাস্তার ওপর গুলিতে আহত হন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিনকে ২২ নম্বর এবং তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।



