tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশরুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

ঢাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে রাত ৭টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলা ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

‘ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সি।

খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী এবং খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাদের অনুরোধে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, “রুমিন ফারহানা কেবল আমাদের এলাকার প্রতিনিধি নন, তিনি জাতীয় পর্যায়ের নেত্রী। তাঁর ওপর হামলার প্রতিবাদেই আজকের এই কর্মসূচি। প্রশাসনের অনুরোধে আজ অবরোধ তুলে নেওয়া হয়েছে, তবে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সম্পর্কে যে মতামত দিয়েছেন, আমরা সেটির পক্ষে আছি।”

উল্লেখ্য, একই দিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত এক শুনানিতে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।