মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে প্রায় ৮ হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
সোমবার (১৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সৌদি আরবের নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করতেই পাকিস্তান এ সামরিক সহায়তা পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুই সরকারি সূত্র।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়, গত বছর স্বাক্ষরিত এক গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশ একে অপরের ওপর হামলার ক্ষেত্রে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অতীতে ইঙ্গিত দিয়েছিলেন, এই চুক্তির ফলে সৌদি আরব কার্যত পাকিস্তানের ‘পারমাণবিক সুরক্ষা বলয়ের’ আওতায় এসেছে।
নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, পাকিস্তান প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সৌদি আরবে পাঠিয়েছে। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান। চলতি বছরের এপ্রিলের শুরুতেই এসব বিমান মোতায়েন করা হয়। পাশাপাশি দুটি ড্রোন স্কোয়াড্রনও পাঠানো হয়েছে।
মোতায়েন করা বাহিনীতে প্রায় ৮ হাজার সেনাসদস্য রয়েছেন এবং প্রয়োজনে আরও সেনা পাঠানোর আশ্বাসও দিয়েছে ইসলামাবাদ। এছাড়া চীনা নির্মিত এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সৌদি আরবে মোতায়েন করা হয়েছে, যা পরিচালনা করছেন পাকিস্তানি সেনারা।
চুক্তির আওতায় পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টিও রয়েছে। তবে কোনো যুদ্ধজাহাজ ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।



