গাজা সিটির জেইতুন ও সাবরা মহল্লায় ৬ আগস্ট থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকা পড়ে আছে।
সংস্থাটি রবিবার এক বিবৃতিতে জানায়, টানা গোলাবর্ষণ ও রাস্তাঘাট অবরুদ্ধ থাকায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। বহু নিখোঁজ মানুষের বিষয়ে খবর পেলেও জরুরি কর্মীরা সহায়তা করতে পারছেন না। অন্যদিকে হাসপাতালগুলো আহতদের প্রচণ্ড চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
সিভিল ডিফেন্স আরও জানায়, মাটিতে থাকা তাদের দলগুলো ইসরায়েলি হামলার মাত্রা সামাল দিতে পারছে না। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং আক্রমণের ভয়াবহতা বেড়েই চলেছে। গাজার উত্তর বা দক্ষিণ—কোনো দিকেই আর নিরাপদ স্থান নেই। গোলাবর্ষণ চলছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি বাস্তুচ্যুত মানুষের শিবিরেও, যেখানে বেসামরিক লোকজনই প্রধান লক্ষ্য।
ইতোমধ্যে ইসরায়েলি ট্যাঙ্ক সাবরা মহল্লায় প্রবেশ করেছে এবং গাজা সিটিকে পুরোপুরি দখলের লক্ষ্য নিয়ে আগাচ্ছে। এতে শহরের প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।



