খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে গল্লামারীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মুজাহিদুল ও যাত্রী রিনা ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।



