tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআদালতইনুর মামলায় যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন

ইনুর মামলায় যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু জনগণের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকারবিরোধী আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি’ আখ্যা দিয়ে দমন-পীড়নের পরিকল্পনায় ইনু জড়িত ছিলেন। এর ফলে কুষ্টিয়ায় হতাহতের ঘটনা ঘটে এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে দাবি প্রসিকিউশনের।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হিসেবে ইনু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। প্রসিকিউশনের দাবি, এসব আলোচনার ধারাবাহিকতায় কারফিউ জারি, আন্দোলনকারীদের ‘জঙ্গি’ হিসেবে উপস্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, ইনুর আইনজীবী সিফাত মাহমুদ বলেন, প্রসিকিউশনের আনা আটটি অভিযোগের বিরুদ্ধে তারা বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তার দাবি, ট্রাইব্যুনালে উপস্থাপিত ফোনালাপে সাধারণ মানুষের ওপর গুলি চালানো বা দমন-পীড়নের কোনো নির্দেশনার কথা ছিল না। বরং আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান এবং নাশকতাকারীদের সঙ্গে সরকারের বিরোধের বিষয়টি সেখানে উঠে এসেছে।

তিনি বলেন, ইনু কোনো ধরনের ষড়যন্ত্র, পরিকল্পনা বা উসকানিমূলক বক্তব্য দেননি। তাই তাকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বেকসুর খালাস চেয়েছে আসামিপক্ষ।

গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে প্রসিকিউশনও তাদের যুক্তি উপস্থাপন সম্পন্ন করে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন আরও বহু মানুষ। এ ঘটনায় উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ আটটি অভিযোগে গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।