রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাফি শহীদনগর ২ নম্বর গলির বাসিন্দা এবং মো. তাইজুদ্দিনের ছেলে। তার মা মোমেনা বেগম জানান, রাফি টি-শার্ট প্রিন্টের কাজ করে অনলাইনে বিক্রি করেন।
রাফিকে হাসপাতালে নেওয়া মো. সজিব জানান, ঘটনার আগে এলাকার কয়েকজন যুবক তাকে একা পেয়ে শাহিন নামে এক ব্যক্তির খোঁজ জানতে চান। তিনি কিছু জানেন না বললে তারা তাকে মারধর করেন। পরে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে বাসা থেকে ডেকে আনেন।
সজিবের ভাষ্য, তারা দুজন ঘটনাস্থলে গেলে ইমন নামে এক ব্যক্তি পিস্তল বের করে রাফিকে গুলি করেন। এ সময় ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮ থেকে ৯ জন ছিলেন। গুলির পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি আরও জানান, রাফির ডান পাশের পাজরে গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।



