সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি ও আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়।
শুনানিকালে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন সংক্রান্ত আলোচনায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও বাকবিতণ্ডায় রূপ নেয়। এতে এনসিপির অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।
এনসিপির নেতা আমিনুল হক চৌধুরী অভিযোগ করেন, “আমরা দাবি নিয়ে নির্বাচন কমিশনে এসেছিলাম। সেখানে রুমিন ফারহানার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। সিইসির সামনেই আমাদের ওপর শারীরিকভাবে আক্রমণ হয়।”
অন্যদিকে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “প্রথমে তারাই (এনসিপি) আমাদের ধাক্কা দেয়। আমাদের কর্মীরা বসে থাকেনি, তারা পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।”
এনসিপি নেতাকর্মীদের ‘মারধরের’ বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, “তারা সত্যি এনসিপি-জামায়াত ছিল, নাকি অন্য কেউ—তা আমরা বুঝতে পারিনি।”
উল্লেখ্য, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কর্মকর্তারা চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।



