বাকেটবল কোর্ট ছেড়ে এবার ফুটবল মাঠে পা রেখেছেন রাশিয়ার সাবেক এনবিএ খেলোয়াড় পাভেল পদকোলজিন। ৪০ বছর বয়সী এই অ্যাথলেট এখন বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার—উচ্চতা ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি)।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পাভেল এক প্রতিপক্ষকে ঠেলে বল দখলের চেষ্টা করছেন। পরে অবশ্য বল হারিয়ে ফেললেও খেলোয়াড়টিকে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন। আরেক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ঢোকার সময় মাথা নিচু করতে হচ্ছে তাকে; সতীর্থরা তার দিকে তাকাতে গিয়েই আকাশের দিকে তাকিয়ে যাচ্ছেন!
বাস্কেটবলেই তার মূল পরিচিতি। তিনি যুক্তরাষ্ট্রের এনবিএ-র ডালাস ম্যাভেরিকসের হয়ে খেলেছেন। তবে বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালি-তে আক্রান্ত পাভেল পরে পেশাদার বাস্কেটবল থেকে সরে দাঁড়ান।
দীর্ঘ বিরতির পর এবার ফুটবলেই অভিষেক হলো তার। সম্প্রতি রাশিয়ান কাপে মিডিয়া ফুটবল ক্লাব আমকাল মস্কোর হয়ে প্রথম ম্যাচ খেলেছেন তিনি। মূলত সেলেব্রিটিদের নিয়ে গঠিত এই ক্লাব পেশাদার ও অপেশাদার খেলোয়াড়দের নিয়ে রাশিয়ান ফুটবল ইউনিয়নের অনুমতিতে অংশ নেয় টুর্নামেন্টে।
পাভেলের ফুটবল মাঠে নামা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়। তার আগে সবচেয়ে লম্বা ফুটবলার ছিলেন বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)। এরপর ডেনিশ সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিন (২.১০ মিটার) এবং জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশ (২.১৪ মিটার)। তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল।
গোলপোস্টের ক্রসবার থেকেও তিনি ১৭ সেন্টিমিটার লম্বা। যদিও তার এনবিএ ক্যারিয়ার খুব সফল ছিল না—২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফট করলেও পরে ডালাসে পাঠানো হয়, যেখানে মাত্র ৬টি ম্যাচ খেলেন।
কালুগার বিপক্ষে ম্যাচে পাভেল ব্যাকলাইনে শুরু করলেও ১৯ মিনিট পর বদলি হয়ে যান। একটি কর্নার কিকে হেড করার সুযোগ পেলেও অতিরিক্ত উচ্চতার কারণে তা কাজে লাগাতে পারেননি। তবে তার দল ম্যাচটি ১–০ গোলে জিতে নেয়।
ম্যাচ শেষে ‘বাজা নিউজ’-কে পাভেল বলেন, “এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।”



