ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। যদিও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি, তবুও রাজনৈতিক অঙ্গনে জোট নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই নাটকীয় হুঁশিয়ারি দিয়েছে টিভিকে—সরকার গঠনে অন্য কোনো সমীকরণ তৈরি হলে দলের ১০৭ এমপি একযোগে পদত্যাগ করবেন।
শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) একত্রে সরকার গঠনের উদ্যোগ নিলে টিভিকের নির্বাচিত ১০৭ এমপি পদত্যাগ করবেন বলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমটি।
ডিএমকে নেতা এম কে স্টালিন এবং এআইএডিএমকে প্রধান ই পালানিস্বামীর শিবিরে একাধিক বৈঠকের পর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গুঞ্জন রয়েছে, দুই প্রতিদ্বন্দ্বী দল সরকার গঠনের লক্ষ্যে সমঝোতার পথে এগোচ্ছে। এমন জোট হলে সবচেয়ে বেশি জনসমর্থন পাওয়া দল হওয়া সত্ত্বেও টিভিকে ক্ষমতার বাইরে থেকে যেতে হতে পারে।
১০৭টি আসন জয় করে টিভিকে দাবি করেছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার অধিকার তাদেরই। তবে তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকার সেই দাবি নাকচ করে দিয়েছেন। তার ভাষ্য, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বিজয়ের দলের নেই। বিজয়ের পক্ষ থেকে উপস্থাপিত সমর্থন জোগাড়ের পরিকল্পনাও গ্রহণ করেননি তিনি।
দলীয় সূত্র জানায়, টানা দ্বিতীয় দিনের বৈঠকেও গভর্নর স্পষ্ট করে বলেছেন, সরকার গঠনের দাবি জানাতে হলে অন্তত ১১৮ এমপির সমর্থনের চিঠি জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, এখনো পর্যন্ত সরকার গঠনের মতো প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হয়নি।
এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকের আরও ১০টি আসন প্রয়োজন। ইতোমধ্যে কংগ্রেসের পাঁচ এমপি দলটির প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি বামপন্থি দল ও কয়েকটি ছোট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে। পরিস্থিতি অনুকূলে না এলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছে দলটি।



