সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে প্রায় ২০ লাখ টাকা পাওনা ছিলেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পাওয়ায় কয়েকদিন আগে মোহাম্মদ আলী আখলুছ মিয়াকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে জাউয়া বাজারে মোহাম্মদ আলীকে মারধর করেন আখলুছ মিয়ার সমর্থকরা। পরে বৃহস্পতিবার বিকেলে পাল্টা হামলা চালায় মোহাম্মদ আলীর লোকজন।
এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতভর ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ওই সড়ক দিয়ে যাওয়ার পথে সংঘর্ষের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিজেই উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তিনিও আহত হন। পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে এমপি কামরুলের ফেসবুক পেজেও তার আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে।



