ইরানকে ঘিরে আলোচনার প্রেক্ষাপটে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি বলেছি—তোমরা এত দীর্ঘ ফ্লাইটে সেখানে যাচ্ছ না। আমাদের হাতেই সব শক্তি রয়েছে। তারা (ইরান) যখন খুশি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। শুধু বসে আলোচনা করার জন্য এত দূরে যাওয়ার দরকার নেই।”
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষ করে দেশ ছেড়েছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে চলমান যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে পাকিস্তান কী বার্তা বহন করেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।



