যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকে নিজেদের “চূড়ান্ত কৌশল” হিসেবে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
শনিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রেখে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক সক্ষমতা অক্ষুণ্ন রাখা ইরানের সামরিক পরিকল্পনার অন্যতম প্রধান অংশ।
অন্যদিকে, ইরান ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান প্রসঙ্গে আলোচনার জন্য ১৮ ঘণ্টার দীর্ঘ সফরে পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই, কারণ এ ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “আমার টিম প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি তাদের যেতে নিষেধ করেছি। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুধু আলোচনার জন্য যাওয়ার প্রয়োজন নেই। ইরান চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে—আমাদের হাতেই সব ক্ষমতা রয়েছে।”



