tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রচণ্ড গরমে স্বস্তির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রচণ্ড গরমে স্বস্তির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রচণ্ড তাপদাহে রাজধানীসহ সারা দেশের জনজীবন যখন হাঁসফাঁস করছে, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা খুব বেশি না কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, যা গরম থেকে আংশিক স্বস্তি এনে দেবে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

শনিবার সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

রোববার (২৬ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিনও তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সব মিলিয়ে, তীব্র গরমের মধ্যে বৃষ্টির এই পূর্বাভাস জনজীবনে কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।