মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার অনুষ্ঠিত এই ফোনালাপের খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান ইস্যুতে টেকসই সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন ল্যাভরভ। একই সঙ্গে এ ধরনের কূটনৈতিক উদ্যোগে মস্কোর পূর্ণ সমর্থনের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
এদিকে, এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়া ও পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এখনো গভীর আকারে বিদ্যমান। এই প্রেক্ষাপটে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আব্বাস আরাঘচি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর শুরু করেছেন, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি বলেন, সফরের মস্কো অংশটি বিশেষ গুরুত্ব বহন করতে পারে। তার মতে, তেহরান আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে, রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইরানের উত্থাপিত ১০ দফা দাবির একটি হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব, যা ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধে গ্যারান্টি দিতে পারে।



