ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য চুক্তি স্থগিত করার উদ্যোগ শেষ পর্যন্ত আটকে দিয়েছে জার্মানি ও ইতালি। ফলে ফিলিস্তিন ইস্যুতে ইইউর ভেতরের বিভাজন আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
গত মঙ্গলবার (২১ আপ্রিল) লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি তোলে। তারা গাজা ও পশ্চিম তীরে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ১৯৯৫ সালের ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান জানায়।তবে এই প্রস্তাবের বিরোধিতা করে জার্মানি ও ইতালি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এ উদ্যোগকে ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে বরং সমালোচনামূলক ও গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়া উচিত।



