কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় মারা যাওয়া ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকায় আনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সবার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।
দেশে আনা মরদেহগুলোর মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন রয়েছেন।
প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য ৩৫ হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি, যেসব পরিবার অতিরিক্ত আর্থিক সহায়তা বা বীমা সুবিধা পাওয়ার যোগ্য, সেগুলো দ্রুত প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



